গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অপহৃত তিন বছরের শিশু আইয়ানকে নাটোরের লালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযুক্ত যুবক আমিরুল ইসলাম বাপ্পি (৩৫) গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া থানার একটি টিম লালপুর উপজেলার ধুপইল এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত বাপ্পি ধুপইল এলাকার আবুল হোসেনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের আত্মীয়-পরিচিত হওয়ায় বাপ্পি তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত ১১ সেপ্টেম্বর সকালে তিনি হঠাৎ আইয়ানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান এবং ফোন করে শিশুর মায়ের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
শিশুর মা পাকিজা খানম এ ঘটনায় কোটালীপাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মন্তব্য