নাটোর শহরের ছায়াবানী সিনেমা হল মোড় এলাকায় বাসের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাছ ব্যবসায়ীর নাম মজনু মিয়া (৪০)। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার নুরপুর মালঞ্চী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় তার ছেলে রাব্বী ইসলাম (২০) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মজনু মিয়া প্রতিদিনের মতো সকালে নিজের তিন চাকার ভুটভুটিতে ছেলেকে সঙ্গে নিয়ে নাটোরের কালিগঞ্জ এলাকার বিল থেকে মাছ কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে ছায়াবানী মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পেছন থেকে ভুটভুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মজনু মিয়া মারা যান।
স্থানীয়রা দ্রুত রাব্বী ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেন, পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য