নিসিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় অনুষ্ঠিত ঝটিকা মিছিলকে কেন্দ্র করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাতে উপজেলার টেংঙ্গামাগুর এলাকায় উপজেলা আওয়ামী লীগের কয়েকজন কর্মী-সমর্থক হঠাৎ করে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্লোগান দিতে থাকেন।
পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে। দলীয় পোস্টার লাগানো, নেতাকর্মীদের প্রকাশ্যে চলাফেরা এবং হঠাৎ মিছিল—এসব কর্মকাণ্ডে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। একইসঙ্গে শাজাহানপুর থানার ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
ঘটনার পরপরই শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শাকপালা এলাকার আব্দুল কাদেরের ছেলে আবু হুরায়রাকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে।
তিনি বগুড়া পৌর ছাত্রলীগের ১৪ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
আটকের পর তাকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন,শনিবার মিছিলের প্রস্তুতিকালে পুলিশ একজনকে আটক করেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে কোথায় ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মন্তব্য