বাংলাদেশে প্রস্তাবিত পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) বা আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু হলে রাজনৈতিক নেতারা স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার জামানগর বাজার চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
টিপু বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশে মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছিল, তা বারবার ষড়যন্ত্রের মাধ্যমে বাধাগ্রস্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “একসময় আওয়ামী লীগের কাঁধে ভর করে কিছু প্রতিবেশী রাষ্ট্র তাদের ক্ষমতায় থাকার পরামর্শ দিয়েছিল। তাদের পরামর্শেই দেশে খুন-গুমের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। সেই বুদ্ধির ফলেই আওয়ামী লীগের নেত্রীকে এক সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। এখন সেই একই শক্তি পিআর পদ্ধতির নামে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে।”
বক্তব্যে তিনি পিআর পদ্ধতিকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের ব্যবস্থা চালু হলে জনগণের ভোটাধিকার আরও ক্ষুণ্ণ হবে এবং ক্ষমতাসীনরা আরও কর্তৃত্ববাদী হয়ে উঠবে।
এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য