হবিগঞ্জের মাধবপুরে এক অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার পূর্বে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর চৌরাস্তা এলাকায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন দুই নারীকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে লাল স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় প্রত্যেকের কাছ থেকে ৫০০ পিস করে মোট এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটককৃত দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এদিকে, পুলিশের এ সফল অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিল। পুলিশের এমন ধারাবাহিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী চিহ্নিত সব মাদক ব্যবসায়ীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, মাধবপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য