সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর সভার ধানগড়া এলাকায় এক স্কুলের জমি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ করেছেন স্কুলের প্রতিষ্ঠাতা ভুমিদাতা মো. আমিনুল হক।
শনিবার সকালে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকার ফেরদৌস আরা কিন্ডার গার্টেন স্কুলের হল রুমে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ধানগড়া ইউনিয়নের করিলাবাড়ী গ্রামের মো. আরমান আলী ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা তার স্কুলের পূর্ব সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক দখল করে। পরে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে।
এ ঘটনায় আমিনুল হক সিরাজগঞ্জ সহকারী জজ আদালতে মামলা দায়ের করাসহ পৌর প্রশাসক বরাবরে একাধিকবার অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি।
তিনিরঅভিযোগ করেন, আরমান আলী প্লান পাশ না করেই অন্যায়ভাবে তার ফেরদৌস আরা কিন্ডারগার্টেন স্কুলের জানালার পাশে দেয়াল তোলায় শিক্ষার্থীরা আলো-বাতাস থেকে বঞ্চিত হচ্ছে। “বিষয়টি নিয়ে রায়গঞ্জ পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। পরে তথ্য অধিকার আইনে নির্মানাধীন ঐ ভবনের নকশার কপি ও বিস্তারিত তথ্য চাইলেও তা তাকে প্রদান করা হয়নি।”
ভুক্তভোগী ঐ স্কুল প্রতিষ্ঠাতা প্রশাসনের কাছে অবৈধ দখল ও অবৈধ নির্মাণ বন্ধ করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মন্তব্য