রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হটাৎ পরিদর্শন করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যেবক্ষণ করেন।
এছাড়া তিনি হাসপাতালে পৌঁছে সরাসরি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে দেখেন তারা সময় মতো উপস্থিত আছেন কিনা, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কিনা। এরপর প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কি না তা খোঁজখবর নেন এমপি।
এরপর হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান, পরিবেশনের পদ্ধতি ও সংরক্ষণ ব্যবস্থা খতিয়ে দেখেন। খাবারের গুণগত মান, পুষ্টিগুণ ও পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না তা সরেজমিনে পর্যেবক্ষণ করেন তিনি।
এরপর তিনি হাসপাতালের টয়লেট, পানির ব্যবস্থা এবং সামগ্রিক স্যানিটেশন পরিস্থিতিও পরিদর্শন করেন এমপি নজরুল মন্ডল। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘সরকার নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হতে হবে। পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে মানসম্মত সেবা দিতে হবে।
পরিদর্শনকালে হাসপাতালের প্রধান কর্মকর্তা ডাঃ সূচনা মনোহারাসহ আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. জনাব আলী-মুস্তাফিজ, সকল চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে মতবিনিময়কালে হাসপাতালের সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট এবং রোগীদের ভোগান্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
পরিদর্শন শেষে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য। হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে কোনো ধরনের অব্যবস্থা বা অবহেলা গ্রহণযোগ্য নয়। রোগীদের জন্য মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং মানবিক সেবা নিশ্চিত করতে হবে।
মন্তব্য