নাটোরের বাগাতিপাড়ায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস-২০২৬ উপলক্ষে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন চিকিৎসক দম্পতি ইসমাইল ও ফাতেমা,এছাড়াও তাদের পাশাপাশি এলাকার কৃতি ডাক্তারও ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন।
শুক্রবার (১ মে) সকালে উপজেলার মালঞ্চী(পেড়াবাড়িয়া) বাজার এলাকায় “দি এইম ক্লাব”-এর আয়োজনে এবং বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি চোখের বিশেষ ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও রাখা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এলাকার শ্রমিক, ভ্যান চালক, অটোরিকশা চালকসহ নানা পেশাজীবি মানুষদের চিকিৎসাসেবা প্রদান করেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন ও তার সহধর্মিণী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফাতেমা আক্তার এবং নাক-কান-গলা ও হেড-নেক সার্জারির বিশেষজ্ঞ ডা. সোহানুর রহমান। চক্ষু পরীক্ষায় সহযোগিতা করেন অপ্টোমেট্রিস্ট সাংবাদিক হুমায়ুন কবির।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সোহানুর রহমান বলেন, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প গ্রামীণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। এ ধরনের উদ্যোগ তাদের জন্য প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ সৃষ্টি করে।
চিকিৎসা নিতে আসা এইচএসসি পরীক্ষার্থী দিয়া বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তিনি খুবই উপকৃত হয়েছেন। চিকিৎসকরা যত্নসহকারে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দিয়েছেন, যা তাকে সন্তুষ্ট করেছে।
বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন ও সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, আজকে শ্রমিকদের নিয়ে এই ফ্রী মেডিক্যাল ক্যাম্প যারা আয়োজন করেছেন তারা আসলেই প্রশংসনীয়,বিশেষ করে এই চিকিৎসক দম্পতিসহ এলাকার যে সকল চিকিৎসক সেবা প্রদান করছেন সকলকেই সাধুবাদ জানাই।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন বলেন, ফ্রী মেডিক্যাল ক্যাম্পে যে সকল চিকিৎসক সেবা দিচ্ছেন এরা আমাদের এলাকার সন্তান ও এলাকার অহংকার, তাদের জন্য দোয়া করি,তারা যেন এমনই ভাবে অসহায়, দুঃস্থ, শ্রমজীবী মানুষদের পাশে থাকতে পারে।
আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে থাকা ডা. ইসমাইল হোসেন বলেন, এলাকার সন্তান হিসেবে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দিয়ে এইম ক্লাবের সম্পাদক আশরাফুজ্জামান মাসুম বলেন, তাদের এলাকার কৃতি সন্তান ডাক্তারদের নিয়ে এলাকার শ্রমজীবী মানুষদের পাশে চিকিৎসা সেবা প্রদানের সাথে সম্পৃক্ততা থেকে নিজেদের কাছে অনেক ভালো লাগছে।
মন্তব্য