নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পে অনিয়মের অভিযোগের পর কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমীন পুতুল।
গত ৪ এপ্রিল একটি জাতীয় ও স্থানীয় দৈনিকে স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ প্রকাশিত হলে বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, উন্নয়ন কাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। প্রকল্পের চুক্তিপত্র খতিয়ে দেখা হবে এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঠিকাদার পরিবর্তনের কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয়দের অভিযোগ পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ না নেওয়া দুঃখজনক। উন্নয়ন কার্যক্রম অবশ্যই স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে এবং জনগণের জানার অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি তাৎক্ষণিকভাবে ২৪ ঘণ্টার জন্য নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং বিষয়টি উচ্চ পর্যায়ে উত্থাপনের আশ্বাস দেন।
স্থানীয়রা প্রতিমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিনের অভিযোগের পর এই প্রথম দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, সিডিউল বহির্ভূত কাজ এবং তদারকির ঘাটতির অভিযোগ উঠেছে।
মন্তব্য