নওগাঁর আত্রাইয়ে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও ১ দশমিক ৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১০ মে) সকালে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে আত্রাই থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. প্রিন্স (২৬) ও খলিলুর রহমানের ছেলে মো. আব্দুর রহমান (৩২)। তারা উভয়েই ভরতেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল ভরতেঁতুলিয়া এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন ও দেড় গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রিন্সের বিরুদ্ধে আগে থেকেই পাঁচটি মাদক মামলা ও একটি মারামারির মামলা রয়েছে। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতরা এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরে আসামিদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য