নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা রক্ষা করতে গিয়ে নাতির ছোড়া হাঁসুয়ার আঘাতে দাদির মৃত্যু হয়েছে। নিহত ওই দাদির নাম মর্জিনা বেগম (৫০)। তিনি উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোকাব্বের আলীর স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি, আগের দিন একটি কুকুর তাদের হাঁসের বাচ্চা খেয়ে ফেলেছিল। ঘটনার দিন একই কুকুর আবারও হাঁসের বাচ্চা ধরতে এলে মর্জিনা বেগমের সাত বছর বয়সী নাতি আলিফ সেটিকে তাড়াতে হাঁসুয়া ছুড়ে মারে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিটকে গিয়ে দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় চিকিৎসক ডা. সুনীলের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি মারা যান। নিহতের পরিবার জানায়, শিশুর অসাবধানতাবশত ছোড়া হাঁসুয়ার আঘাতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, নিহতের পরিবারের কোনো দাবি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য