নেশার টাকা জোগাড় করতে নিজের ভাগিনার শখের বাইসাইকেল চুরির অভিযোগে নাটোরের লালপুরে জাহাঙ্গীর হোসেন কালু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে চুরি হওয়া বাইসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, নেশার টাকা জোগাড় করতে না পেরে জাহাঙ্গীর তার বোন মোছা. মরিয়ম খাতুনের টিটিয়া আবেদ মোড় এলাকার বাড়ি থেকে ভাগিনার শখের লাল-সবুজ রঙের একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে মরিয়ম খাতুন নিজ ভাইয়ের বিরুদ্ধে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদী থানা এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য