প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর সরোয়ার মোর্শেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকরা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আসমা শাহীন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে অধিক মনোযোগ দেওয়া, শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির প্রতি নজর রাখা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভা শেষে বক্তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে জেলা প্রশাসক আসমা শাহীন বাগাতিপাড়া মডেল থানা, পৌর ভূমি অফিস, গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামনগর ইউনিয়নের খননকৃত খাল, পাকা কমিউনিটি ক্লিনিক এবং পাকা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরে পাকা ইউনিয়ন পরিষদে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণকে নিয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় অংশ নেন।
মন্তব্য