নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা গ্রামে সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পাঁকা গ্রামের বাসিন্দা ও রাজশাহীর কালুহাটি দাখিল মাদ্রাসার ক্বারি শিক্ষক মাওলানা মাহাবুর ডাক্তার রোববার (১৯ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে সাপের কামড়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মাওলানা মাহাবুর ডাক্তার বাগাতিপাড়ার পাঁকা গ্রামের মরহুম হারুনুর রশীদ হারুন কারীর ছেলে। তিনি রাজশাহীর আড়ানী দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষকও ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তান রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় পাঁকা কেন্দ্রীয় কবরস্থানে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাকে দাফন করা হবে।
মন্তব্য