পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নওগাঁ জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা জুড়ে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির আওতায় নওগাঁ জেলার প্রতিটি মসজিদে আনুষ্ঠানিকভাবে ২টি করে ফলজ,
বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ধর্মীয় উপাসনালয়গুলোর পবিত্র পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখার পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই বিশেষ উদ্যোগ।
শুক্রবার পুরো জেলা জুড়ে একযোগে প্রতিটি মসজিদে গাছ রোপণ করা হয়েছে। আমরা আশা করি, সাধারণ মানুষও এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে নিজ নিজ আঙিনায় ও বাসা বাড়িতে বেশি করে গাছ লাগাবেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. আকবর হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য