বগুড়ার শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবাসহ আটক মারুফ হাসান জামায়াতে ইসলামীর কোনো নেতা-কর্মী নন বলে দাবি করেছে উপজেলা জামায়াত। তাঁকে জামায়াত নেতা বা কর্মী উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছে সংগঠনটি।
শুক্রবার (২৮ আগস্ট) বাদ মাগরিব উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এর আগে বুধবার রাতে মাঝিড়া কালীবাড়ী রোডের একটি ওষুধের দোকান থেকে ৪৫ পিস ইয়াবাসহ মারুফ হাসানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম। তাঁরা বলেন, উন্মুক্ত রাজনৈতিক কর্মসূচির ছবি ব্যবহার করে মারুফকে জামায়াতের নেতা-কর্মী হিসেবে প্রচার করা হয়েছে। তথ্য-প্রমাণ যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তাঁরা।
নেটিজেনরা এখানেও প্রতিবাদ করেছেন। সংবাদ সম্মেলনটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হওয়ার পরপরই সমালোচনা ঝড় ওঠে। তারা মাদক কারবারি মারুফ হাসান বাবুর জামাতের সাথে ঘনিষ্ঠভাবে বিভিন্ন প্রোগ্রামের ছবি প্রতিবাদস্বরূপ পোস্ট করতে থাকেন।
মন্তব্য