রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১টার দিকে লালপুর থানার এসআই (নিঃ) মো. আব্দুল হাই সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার মহারাজপুর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহারাজপুর (ঘোষপাড়া) গ্রামের মো. বিপ্লব সরকারের ছেলে তাসকিন আহম্মেদ সুইট (১৮) এবং একই এলাকার সাজদার রহমান আগার ছেলে মো. সেলিম (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর ঘোষপাড়া এলাকায় তাসকিন আহম্মেদ সুইটের টিনশেড ভবনের উত্তর দুয়ারী বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিদের ৩০ আগস্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য