নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম পুঠিয়া উপজেলার দাসমাড়ীয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। চাঁদপুর বাজারে তার একটি হোমিওপ্যাথিক চিকিৎসার দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় চাঁদপুর বাজারে রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মাইনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কী কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য