নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি ২০০ গ্রাম শুকনা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার (২ সেপ্টেম্বর, ২০২৬) দুপর বারোটার দিকে র্যাব-৫-এর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) ও সদর কোম্পানি (রাজশাহী) এবং র্যাব-১২-এর সিপিএসসি (বগুড়া ক্যাম্প)-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলো নীলফামারী জেলার ডিমলা থানার গয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মোঃ শফিকুল ইসলাম (৫৫) এবং একই গ্রামের আব্দুল মামুদের ছেলে মোঃ মিজানুর রহমান (৩৮)। র্যাব জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর তাদের কাছে থাকা কাপড়ের হাতব্যাগ এবং চালের বস্তা তল্লাশি করা হয়। পরে কস্টেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় দুই পোটলায় মোট ১০ কেজি ২০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন যে, তারা নীলফামারী এলাকা থেকে অবৈধভাবে এসব গাঁজা সংগ্রহ করেন। তারা নাটোর রেলস্টেশন থেকে ইজিবাইকে করে রাজশাহীর পুঠিয়া এলাকায় গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের নাটোর সদর থানায় হস্তান্তরের করা হয়েছে।
মন্তব্য