নাটোরের বাগাতিপাড়ায় ভ্যান চুরির চেষ্টার সময় শরিফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লোকমানপুর বাজারসংলগ্ন মাঠের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
আটক শরিফুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার গালিমপুর দিয়াড়পাড়া গ্রামের কৃষক কাদের আলী তার ভ্যান নিয়ে লোকমানপুর এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। ভ্যানটি রাস্তার পাশে রেখে তিনি ঘাস কাটতে গেলে শরিফুল ভ্যানটির তালা কাটার চেষ্টা করেন।
একপর্যায়ে তালা কেটে ভ্যানটি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
ভ্যানের মালিক কাদের আলী এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য