নাটোরের লালপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, আটক দুজন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে লালপুর থানাধীন গন্ডবিল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—গন্ডবিল মধ্যপাড়া এলাকার মো. আঃ গাফ্ফারের ছেলে মো. ইয়াছির আরাফাত রাসেল (২২) ও মো. রেজাউল করিম রাজিব (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গন্ডবিল মধ্যপাড়ায় মো. আঃ গাফ্ফারের টিনসেট ভবনের উত্তর দুয়ারী ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের অভিযোগ, আটক দুজন সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাকিং এবং প্রতারণামূলক কর্মকাণ্ডে এসব মোবাইল ফোন ব্যবহার করতেন।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২), ২৭ ধারাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার পর আটক আসামিদের শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য