নাটোরের বাগাতিপাড়া মডেল থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মো. শামীম হোসেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি বাগাতিপাড়া মডেল থানা পরিদর্শন করেন। এ সময় নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক তাঁকে স্বাগত জানান। পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। পাশাপাশি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি থানার দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সেবার মান আরও উন্নত করার বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহা, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাসসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য