নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৬ জন মৎস্য শিকারীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হালতিবিলের অভয়াশ্রমে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, আইন লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে ২৬ জন ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাছ শিকারে ব্যবহৃত বড়শী, হুইল সহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন, নলডাঙ্গা থানা পুলিশের সদস্য বৃন্দ।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শাম্মী আক্তার জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা ও আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য