সিরাজগঞ্জের রায়গঞ্জে মসজিদের ভেতরে স্থানীয় সংসদ সদস্যসহ বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক আলোচনা করেছেন—এমন প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পারকোদলা বেসরকারি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পারকোদলা বেসরকারি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. আলমগীর হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর সকালে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাদ্রাসায় দাওয়াত দেওয়া হয়। ওই সময় প্রচণ্ড গরম এবং মাদ্রাসার মাঠে পানি জমে থাকায় তাঁদের মসজিদের ভেতরে বসার ব্যবস্থা করা হয়। সেখানে এতিমখানার শিক্ষার্থী এবং মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া নির্মাণাধীন মসজিদের অসম্পন্ন বিভিন্ন কাজও সংসদ সদস্য পরিদর্শন করেন।
তিনি অভিযোগ করেন, মাদ্রাসা ও মসজিদের উন্নয়নসংক্রান্ত ওই আলোচনাকে একটি অসাধু চক্র রাজনৈতিক রূপ দিয়ে সংসদ সদস্য, স্থানীয় নেতাকর্মী এবং মসজিদ-মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমকে বিতর্কিত করার চেষ্টা করছে।
মাওলানা আলমগীর হোসেন আরও বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্যসহ বিএনপির নেতাকর্মীদের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত যে সংবাদ ও প্রচার হয়েছে, তা ভিত্তিহীন। মসজিদটি এখনো নির্মাণাধীন এবং এর অনেক কাজ অসম্পন্ন রয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ঢাকার ওয়ালটন মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুস ছালাম বলেন, মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সময়ে বিচারকার্য পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামের ইতিহাস ও বিভিন্ন হাদিসে এর উল্লেখ রয়েছে। তাঁর মতে, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; মুসলিম সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে।
সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
মন্তব্য