রাজশাহীর বাঘায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে হাফিজুর রহমান নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে।
মারধরের পর জানালা ভেঙে পালানোর সময় টিনের আঘাতে তার ডান হাত গুরুতর জখম হয়। পরে তার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কিশোরপুর হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাফিজুর রহমানের সম্পর্কের গুঞ্জন ছিল। শুক্রবার রাতে হাফিজুর ওই নারীর ঘরে অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়লে কয়েকজন সেখানে যান। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মারধরের একপর্যায়ে হাফিজুর জানালা ভেঙে পালানোর চেষ্টা করেন। এ সময় টিনের সঙ্গে ধাক্কা লেগে তার ডান হাত গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
এর কিছুক্ষণ পর হাফিজুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাঘা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ বলেন, স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই গৃহবধূর স্বামী বিদেশে থাকেন। হাফিজুর রাজশাহী শহরের একটি ক্লিনিকে চাকরি করেন এবং মাঝেমধ্যে ওই বাড়িতে আসতেন। শুক্রবার রাতে দুজনকে একই ঘরে অবস্থান করতে দেখার পর এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য