সারের সরকারি মূল্য প্রদর্শন না করায় দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) বাঘা।
রাজশাহীর বাঘায় সার বরাদ্দ ও সরবরাহ সংক্রান্ত বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পাশাপাশি কৃষকদের মতামত গ্রহণ ও একইসঙ্গে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে চন্ডিপুর বাজারে একটি সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৫ অক্টোবর) পরিচালিত অভিযানে ওই দোকানে সারের সরকারি মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে সার বিক্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন এবং কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও স্থানীয় কৃষকদের কাছ থেকে সার বরাদ্দ, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে বিভিন্ন মতামত গ্রহণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থে সারের বাজার পরিস্থিতি ও বিক্রয় কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে।
এবিষয়ে বাঘা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) নুসরাত জাহান অনন্যা বলেন, সার বরাদ্দ ও সরবরাহ সংক্রান্ত বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পাশাপাশি কৃষকদের মতামত গ্রহণ ও একইসঙ্গে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে চন্ডিপুর বাজারে একটি সারের দোকানে অভিযান পরিচালনা করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা করাও হয়। সাধারণ কৃষক ও ভোক্তাদের অধিকার রক্ষায় এইসকল অভিযান চলমান থাকবে।
মন্তব্য