জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (০৩ অক্টোবর ২০২৬) রাত সাড় ১০টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ কড়িয়া বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি চৌকস দল সীমান্ত পিলার ২৭৯/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানার নন্দাইল নামক স্থানে অবস্থিত বিজিবি’র অস্থায়ী পোস্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা রাতের অন্ধকারের সুযোগে মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে টহলদল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত এই মদের আনুমানিক সিজার মূল্য ২৮,৫০০ (আটাশ হাজার পাঁচশত) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান সহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।
মন্তব্য