রাজশাহীর চারঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালেক আদিল ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান মুকুট।
সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খোকা। এ ছাড়া বক্তব্য দেন রাজশাহী জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং চারঘাট উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাস।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এ সময় তাঁদের বক্তব্য শোনেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। তেমনি আবারও দেশ পুনর্গঠনে তাঁদের এগিয়ে আসতে হবে। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের যৌক্তিক দাবি-দাওয়াগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।
মন্তব্য