“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, কন্যাশিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের শিক্ষা, নিরাপত্তা ও সমান অধিকার প্রতিষ্ঠা জরুরি। বাল্যবিবাহ কন্যাশিশুর স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবনে বাধা সৃষ্টি করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কন্যাশিশুর অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য