হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বা হুমকি-ধামকি দিলে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নাটোর সদর উপজেলার ৮২টি দুর্গা মন্দির ও নলডাঙ্গা উপজেলার ৫৯টি দুর্গা মন্দিরে সরকারি অনুদানের ৬০০ কেজি করে চাল প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, যুগ যুগ ধরে আমরা হিন্দু–মুসলমান একসাথে বসবাস করছি। ঈদে হিন্দুরা আমাদের বাড়িতে আসতো আর পূজাতে আমরা তাদের বাড়িতে যেতাম। নাড়ু–মোয়া খেতাম। কত আনন্দ করতাম। আমাদের মধ্যে একটা সোহার্দপূর্ণ সম্পর্ক ছিল। হিন্দু–মসুলমানদের মধ্যে কোন বিভেদ ছিল না। কিন্তু গত ১৭/১৮ বছর সেই সুযোগ আর হয়নি।
এ প্রসঙ্গে নাটোর–২ আসনের সংসদ সদস্য দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নির্দেশ দিয়ে বলেছেন, ‘হিন্দুরা আমাদের ভোট দিয়েছেন, হিন্দুদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।
হিন্দুদের আশ্বস্ত করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কেউ যদি কিছু বলে , তাহলে আমাকে ফোন করবেন, আমি সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিবো। আমি এর আগেও বলেছি, এখনও বলছি যে কয়দিন আমি বেঁচে আছি, আপনাদের আমি নিজেই পাহারা দেব। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষজন বুক উচু করে চলাফেরা করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মীরা।
মন্তব্য