নাটোরের লালপুরে অটোভ্যান চুরির মামলায় চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) লালপুর থানা-পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাকনাই (কদমতলা) গ্রামের সাজদার রহমান (৫১), মিলন ইসলাম (২৯), আবেদ আলী (৪৫) ও শফিকুল ইসলাম (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর রাতে বাকনাই গ্রামের শাকিল আলীর (২৭) বাড়ির বারান্দায় শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখা অটোভ্যানটি চুরি হয়। পরদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখেন, ঘরের বাইরে থেকে ছিটকিনি লাগানো এবং বারান্দায় থাকা অটোভ্যানটি নেই। চুরি হওয়া ভ্যানটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা লালপুর থানার উপপরিদর্শক (এসআই) এ.জে. মিন্টু তদন্তের দায়িত্ব নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের এ ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।
গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার (২০ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য