আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

টিনের চালে অসংখ্য ছিদ্র। সামান্য বৃষ্টি নামলেই আকাশ ভেঙে পানি পড়ে বিছানায়। আর শীতের রাতে বাঁশের কঞ্চির বেড়া ভেদ করে হু হু করে ঢোকে কনকনে ঠাণ্ডা বাতাস। চারপাশের নিদারুণ দারিদ্র্য আর অনিশ্চয়তা ঘিরে ধরেছে পুরো পরিবারকে। জরাজীর্ণ এক ছাপড়া ঘরের নিচে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন নওগাঁর আত্রাই উপজেলার চক শিমলা গ্রামের ভূমিহীন যুবক মো. সাদ্দাম হোসেন।

​নিজের বলতে এক শতক জমিও নেই, নেই মাথার ওপর একটা শক্ত ছাদ। গ্রামের সাখাওয়াত সরদারের দয়ায় তাঁর ভিটায় একটি ভাঙা টিনের ছাপড়া ঘর তুলে কোনোমতে মাথা গুঁজে আছে এই চার সদস্যের পরিবারটি।

​স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাদ্দামের শৈশব থেকেই দুঃখ-কষ্টের সূচনা। বয়স যখন মাত্র তিন বছর, তখন তাঁর মা ছবিলা বিবিকে তালাক দেন বাবা মো. সামসুর রহমান। অবুঝ সাদ্দামকে কোলে নিয়ে ছবিলা বিবি চক শিমলা গ্রামে বাবার বাড়িতে ঠাঁই নেন। কিন্তু চরম অভাবের সংসারে কিছুদিনের মধ্যেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। ফলে বাবা-মায়ের স্নেহবঞ্চিত তিন বছরের ছোট্ট সাদ্দাম একাকী ও অসহায় হয়ে পড়েন। পরবর্তীতে দিনমজুর নানা অন্যের বাড়িতে কাজ করে নাতিকে কোনোমতে টেনেটুনে বড় করে তোলেন।

​বড় হয়ে সাদ্দাম বিয়ে করলেও ভাগ্যের চাকা ঘোরেনি। নিজস্ব জায়গা-জমি না থাকায় জীবনযুদ্ধে বারবার থমকে দাঁড়াতে হয়েছে তাঁকে। দিনমজুরি করে যা উপার্জন করেন, তা দিয়ে চার সদস্যের খাবার জোগাতেই নাভিশ্বাস ওঠে। সংসার টিকিয়ে রাখার লড়াইয়ে তাঁর স্ত্রীও অন্যের বাড়িতে কাজ শুরু করেছেন। কিন্তু দারিদ্র্যের নির্মম কশাঘাত যেন কিছুতেই তাঁদের পিছু ছাড়ছে না।

​সাদ্দামকে নিজের ভিটায় আশ্রয় দেওয়া মো. সাখাওয়াত সরদার বলেন, সাদ্দামের কষ্টের কোনো সীমা নেই। ছোটবেলা থেকেই ছেলেটা অনেক কষ্ট করে বড় হয়েছে। ওর নিজস্ব কোনো জায়গা নেই দেখে মানবিক কারণে আমার ভিটায় একটা ঝুপড়ি ঘর তুলে থাকতে দিয়েছি। কিন্তু ঘরটার অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টি হলেই চাল দিয়ে পানি পড়ে ঘরের ভেতর সব ভেসে যায়। আমার সাধ্য থাকলে একটা ভালো ঘরের ব্যবস্থা করে দিতাম। সরকার ও সমাজের বিত্তবানদের কাছে আমার আকুল আবেদন, এই নিঃস্ব পরিবারটিকে যেন একটি খাসজমি ও ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়।

​নিজের নির্মম বাস্তবতার কথা বলতে গিয়ে চোখ ভিজে ওঠে মো. সাদ্দাম হোসেনের। কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার কপালটা পোড়া। তিন বছর বয়সে মা-বাবা আলাদা হয়ে যায়, মা-ও আমাকে ছেড়ে চলে যায়। বুড়ো নানা দিনমজুরি করে আমাকে বড় করেছে। আজ আমার সংসার হয়েছে, কিন্তু সন্তানদের একটা নিরাপদ জায়গায় ঘুমাতে দেওয়ার সামর্থ্য আমার নেই। অন্যের ভিটায় পড়ে আছি। বৃষ্টি নামলেই ভয় করে, চাল দিয়ে পানি পড়ে সব ভিজে যায়। কঞ্চির বেড়ায় বাতাস আটকায় না, শীতে বাচ্চা দুটো কাঁপতে থাকে। ওদের মুখের দিকে তাকালে বুকটা ফেটে যায়। সারাদিন খেটে চারটা পেটের ভাত জোগাব, নাকি ঘর তুলব? সরকার বা সমাজের দয়ালু মানুষরা যদি একটু মুখ তুলে তাকাতেন, তবে সন্তানদের নিয়ে অন্তত শান্তিতে ঘুমাতে পারতাম।

​একমাত্র উপার্জনক্ষম সাদ্দাম হোসেনের এই মানবেতর জীবনযাপন দেখে স্থানীয় বাসিন্দারাও সমবেদনা প্রকাশ করছেন। ঝড়, বৃষ্টি আর অভাবের সাথে লড়াই করে বেঁচে থাকা এই অসহায় পরিবারের এখন একটাই আকুতি মাথার ওপর একটি নিরাপদ ছাদ আর একটি নিজস্ব ঠিকানা। উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের একটু সহানুভূতি ও সহায়তাই পারে সাদ্দামের অন্ধকার জীবনে নতুন ভোরের আলো ফোটাতে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযান জোরদারে বগুড়া চেম্বারের দুই মোটরসাইকেল উপহার

১

নওগাঁয় পূজার শুরু থেকে নবমীর রাত পর্যন্ত ১২৮ মণ্ডপ পরিদর্শনে এমপি ধলু

২

সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান নাজিম উদ্দীন

৩

আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের

৪

আদমদীঘিতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আব্দুল মহিত তালুকদার এমপি

৫

পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ

৬

ধর্ম যার যার, উৎসব সবার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

৭

সান্তাহারে সেরাদেশ.কম উদ্বোধন করলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন

৮

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

৯

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

১০

সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার

১১

বাগাতিপাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক

১২

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

১৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় ২ হাজার ৩০০ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ

১৪

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ নিহত -১৪

১৫

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

১৬

বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা, উপকরণ পেল ১০০ শিক্ষার্থী

১৭

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৮

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

১৯

নওগাঁয় মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মিঠু

২০