হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যশকেশরী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাটারি বিক্রির পাওনা টাকা নিয়ে যশকেশরী গ্রামের আলকাছ মিয়ার ছেলে নাবেল মিয়ার সঙ্গে একই গ্রামের নবীন মিয়ার ছেলে নাইমের বিরোধ চলছিল। এ নিয়ে প্রথমে নাবেল ও নবীনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে।
এর জেরে উত্তরহাটি ও বড়হাটি গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ মিয়াসহ অর্ধশতাধিক মানুষ আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, “শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
মন্তব্য