বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপু বলেছেন, আজকে ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে বিভিন্ন প্রক্রিয়ায় ধ্বংসের চেষ্টা করছে। আওয়ামী লীগ ও তার দোসরদের আশ্রয় দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে। সীমান্তে তারা মাদক ঢুকিয়ে দিয়ে মেধাকে ধ্বংস করে দিচ্ছে। ১৫ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে। বাংলাদেশের মানুষকে জিম্মি করেছে।
ভারত একসময় শেখ হাসিনাকে বুদ্ধি দিয়েছে। ভোট করা লাগবে না। রাতে ভোট করে নাও। আগের দিন ভোট করে নাও। বিনা ভোটে এমপি বানাও। ডামি প্রার্থী দাও। ক্ষমতায় থাকো। আর বিএনপি নেতাকর্মীদের জেলে দাও। মেরে ফেলো। গুম করো।
তাদের বুদ্ধিতে এমন কাজ হয়েছে যে, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে শেখ হাসিনা সহ দেশ থেকে এক কাপড়ে পালিয়ে যেতে হয়েছে। শুধু ভারতের কূটকৌশলের কারণে দেশ ছাড়া হয়েছে তারা। আজকে আবার বিভিন্ন দলকে নিয়ে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে দাঁড় করিয়ে আবার একটি ষড়যন্ত্র করার চেষ্টা করছে তারা।
গত সোমবার সন্ধ্যায় নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ” সবার আগে বাংলাদেশ” শীর্ষক এক গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
টিপু আরও বলেন, জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগকে এক জায়গায় করার চেষ্টা করছে ভারত। একাত্তরে হেরে গেছে যারা, আর চব্বিশে হেরে গেছে যারা – দুই পার্টিকে এক জায়গায় করছে।
এ সময় তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, এক জায়গায় হলে আপনাদের বিপদ বাড়বে। আপনারা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে রেখেছেন। তারা ক্ষমতায় গেলে হাসিনা সহ আপনাদের কাউকে কিন্তু ছেড়ে দিবে না। ফাঁসিতে তারা ঝুলাবেই। আপনারা এগুলোতে সতর্ক হয়ে যান। আমি আহ্বান করবো যা ভুল করেছেন, তা সংশোধনের চেষ্টা করেন। গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলাদেশের রাজনীতিতে থাকেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে লালপুর – বাগাতিপাড়াকে উন্নয়নের রোল মডেল বানানোর প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন বাবু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য