“পুষ্টি বৈষম্যের দিন শেষ—গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে হাসপাতাল ও উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘স্বাস্থ্য গাঁথা’ হলরুমে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈকত মোঃ রেজওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, এমওডিসি ডা. মোঃ আবু নওয়াজ আল নাহিদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু, শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, এপিক বাংলাদেশের প্রতিনিধি ফারুমা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, ইমাম, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা পুষ্টিকর খাদ্য গ্রহণ, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ জাতি গঠনে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে সৈকত মোঃ রেজওয়ানুল হক বলেন, মেধাবী জাতি গঠনে শিশুসহ সব জনগোষ্ঠীর জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে গর্ভবতী মায়েদের বিনামূল্যে আয়রন ট্যাবলেট সরবরাহ, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হচ্ছে। পাশাপাশি ভেজালমুক্ত ও সুষম খাদ্য নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা প্রচার, এতিমখানা ও মাদ্রাসায় পুষ্টিকর খাবার বিতরণ, বিভিন্ন বয়সভিত্তিক জনগোষ্ঠীর মাঝে সচেতনতা কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মা সমাবেশ, শিশু পুষ্টি বিষয়ক আলোচনা, নিরাপদ খাদ্য সেমিনার এবং পুষ্টিকর রান্না প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
এছাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করে পুরো সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আয়োজকরা জানান।
মন্তব্য