রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের ব্যতিক্রমী শিক্ষাবান্ধব পরিবেশ ও সৃজনশীল উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথে’-এর উদ্যোগে এবং ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদান করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ জন ট্যালেন্টপুল এবং ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয়ের ভেতরে নির্মিত প্রতীকী ‘কলকাকলি স্টেশন’। সেখানে স্থাপন করা হয়েছে কল্পনার ট্রেন ‘জ্ঞানের আলো এক্সপ্রেস’, যার গন্তব্য লেখা রয়েছে—‘বিদ্যালয় টু মহাকাশ’।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ প্রতীকী উপস্থাপনার মাধ্যমে শিশুদের স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করা এবং প্রাথমিক বিদ্যালয় থেকেই জ্ঞান অর্জনের দীর্ঘ যাত্রার বার্তা তুলে ধরা হয়েছে। উপস্থিত অতিথিরা বলেন, এমন উদ্যোগ শিশুদের কল্পনাশক্তি, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা খাতুন-এর পরিকল্পনায় গড়ে ওঠা এই ব্যতিক্রমী পরিবেশকে শিক্ষার নতুন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মহসিন আলী। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু তাহের সরকার।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা খাতুন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথে’-এর সভাপতি আব্দুস ছালাম, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করা, তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখাতে এমন আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
মন্তব্য