পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”।
বুধবার (২২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক নাটোর শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. বিশারত আলী।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বৃক্ষ মানুষের প্রকৃত বন্ধু। এটি অক্সিজেন সরবরাহের পাশাপাশি কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে নতুন ক্যাম্পাসকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গনে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে বাউয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মো. আল আমিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মন্তব্য