নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। তিনি বলেন, “নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।” তিনি জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ইংরেজি বিভাগের প্রভাষক তাবাসসুম জামান সাফার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেখ তৌফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সরোয়ার রহমান এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম তিসা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিরা।
এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য