‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৬ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠান ও নানা কর্মসূচি পালিত হয়।
দিনের শুরুতেই সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়। পরবর্তীতে সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অভয়াশ্রম সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, আত্রাই উপজেলায় মৎস্য সম্পদ সম্প্রসারণে আমরা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আধুনিক চাষ পদ্ধতি গ্রহণের মাধ্যমে স্থানীয় মৎস্য চাষীরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় অর্থনীতিতে এবং আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। বিষমুক্ত ও নিরাপদ মাছ উৎপাদনে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আত্রাই নদী ও স্থানীয় জলাশয়গুলোর প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং কারেন্ট ও চায়না দুয়ারি জালের অবৈধ ব্যবহার রোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, মৎস্যজীবী, চাষী এবং গণমাধ্যমকর্মী প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে বিশেষ মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।
মন্তব্য