নাটোরের বাগাতিপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে একটি বিশাল র্যালি বের করা হয়।
সকাল ১১টার দিকে মালঞ্চী রেলগেট এলাকায় পথসভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেনের নেতৃত্বে র্যালিটি মালঞ্চী রেলগেট থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিহারকোল মোড়ে গিয়ে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া বিগত ফ্যাসিবাদী সরকারের নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও কোনো আপস করেননি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, “বাংলাদেশ যতবার দুর্দশাগ্রস্ত হয়েছে, যতবার বাংলাদেশের মানুষের ওপর জুলুম, অত্যাচার ও নির্যাতন নেমে এসেছে, বাংলাদেশ যতবার তার গণতান্ত্রিক অবস্থাকে হারিয়েছে, ততবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরে গণতন্ত্রের যাত্রায় ফিরে এসেছে।”
বিএনপির দরজা সকলের জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি দলটির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহতাব উদ্দিন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তারিক আজিজ, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র্যালি ও পথসভাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মন্তব্য