মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর অনুসারীরা পৃথক স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেন।
হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা শহরের পোস্ট অফিস মোড়ে এবং জাকারিয়া পিন্টুর অনুসারীরা রেলগেট ট্রাফিক মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং দলীয় সংগীতের সঙ্গে বিএনপির দলীয় পতাকা উত্তোলন করা হয়। উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই পোস্ট অফিস মোড়, রেলগেট ট্রাফিক মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষই পৃথক শোভাযাত্রার ঘোষণা দিয়েছে। জাকারিয়া পিন্টুর অনুসারীরা মঙ্গলবার বিকেলে এবং হাবিবুর রহমান হাবিবের অনুসারীরা বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শোভাযাত্রা করবে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “ঈশ্বরদীতে বিএনপির দুটি পক্ষ রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের পৃথক কর্মসূচি থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তারা কর্মসূচি পালন করবেন।”
মন্তব্য