রাজশাহীর বাঘা উপজেলার জোতকাদিরপুরে চাঞ্চল্যকর শিমুল হত্যা মামলার তদন্তে শনাক্ত মূলহোতা ইসলাম আলী (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত ইসলাম আলী বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ৭ সেপ্টেম্বর মধ্যরাতে বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামে শিমুল (২৮) ও শমজান নামে দুই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করেন স্থানীয়রা। পরে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত শিমুল ও শমজানকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। আহত শমজানকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় নিহত শিমুলের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর বাঘা থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ইসলাম আলীকে ঘটনার মূলহোতা হিসেবে শনাক্ত করা হয়। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার রাতে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ইসলাম আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য