নাটোরের সিংড়া স্মার্ট প্রেসক্লাবের স্মার্ট সাহিত্য পাঠাগারে গল্প, কবিতা ও সাহিত্যের ৫০টি বই উপহার দিয়েছে সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিংড়া স্মার্ট সাহিত্য পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদের হাতে বইগুলো তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাদী মুহাম্মদ তামিম ও প্রধান সমন্বয়কারী নাফিস ইকবাল।
এ সময় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বেলায়েত, সহসভাপতি বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়, সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি ও মামুন আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
২০১৫ সাল থেকে সিংড়ার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, জ্ঞানচর্চার পরিবেশ তৈরি এবং অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সাদী মুহাম্মদ তামিম জানান, তাঁদের উদ্যোগে ‘আমার সিংড়া’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের যোগাযোগ নম্বর ও দর্শনীয় স্থানের তথ্য যুক্ত রয়েছে।
সিংড়া স্মার্ট সাহিত্য পাঠাগার ‘জ্ঞান, প্রজ্ঞা, সত্য—আলোর পথে’ মূলমন্ত্র ধারণ করে জ্ঞানচর্চা ও সাহিত্য-সংস্কৃতির বিকাশে কাজ করছে। নতুন বই সংযোজনের ফলে পাঠাগারের সংগ্রহ সমৃদ্ধ হওয়ার পাশাপাশি পাঠকদের বই পড়ার আগ্রহ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয় বলেন, শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য