ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ সাহেদ আলী জিন্নাহ লাঙ্গল প্রতীক বরাদ্দ পাওয়ার পরও মাঠে না থাকায় নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার সময় উপজেলার দক্ষিণ লালপুর কলোনিতে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল গণি বলেন প্রার্থীর অনুপস্থিতিতেই গত কয়েক দিন ধরে কিছু এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়। তবে এ বিষয়ে লালপুর-বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির কোনো নেতৃবৃন্দ, এমনকি জেলা পর্যায়ের নেতারাও অবগত নন বলে দাবি করেন তিনি।
গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে কী প্রক্রিয়ায় মোঃ সাহেদ আলী জিন্নাহ লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন সে বিষয়েও জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নেতৃবৃন্দ পরিষ্কার ধারণা পাননি। তবুও দলীয় স্বার্থে তারা আনন্দের সঙ্গে মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে বিজয় ছিনিয়ে আনার প্রত্যাশা করেছিলেন।
কিন্তু তাদের অভিযোগ, মনোনয়ন পাওয়ার পর থেকে আজ পর্যন্ত এমপি পদপ্রার্থী মোঃ সাহেদ আলী জিন্নাহ তার নির্বাচনী এলাকায় প্রবেশ করেননি। এমনকি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করেননি। একাধিকবার বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হয়েছেন তারা। বিষয়টি নাটোর জেলা নেতৃবৃন্দকে অবহিত করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। প্রার্থীর এমন কার্যকলাপ দলের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, “আমরা দলীয় স্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দুই উপজেলার সকল নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে আজ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে সরে দাঁড়ালাম।
এব্যাপারে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাহেদ আলী জিন্নাহ কে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আখতার হোসেন, বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, গোপালপুর পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, বাগাতিপাড়া পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, লালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ন কবিরসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
মন্তব্য