হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে হাত–পায়ের রগ কেটে মাহফুজ মিয়া (৪০) নামের এক কৃষককে হত্যার ঘটনায় মূল হোতা মারুফ তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব-৯। রোববার সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। তিনি পৈলারকান্দি গ্রামের সিরাজুল তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কৃষিজমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নিহত মাহফুজের সঙ্গে একই গ্রামের মারুফ, ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের বিরোধ চলছিল। এর জের ধরে গত শনিবার গভীর রাতে বসন্তপুর–পৈলারকান্দি সড়কের ড্রেইন কালভার্টের কাছে মাহফুজকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত–পায়ের রগ কেটে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, “কৃষিজমির পুরোনো বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।”
র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, “২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অন্যান্যদের ধরতে অভিযান চলছে।”
মন্তব্য