এমপি নির্বাচিত হলে গণমাধ্যমকর্মীদের অর্থনৈতিক নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে ওয়েজবোর্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এড.রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর শহরে ফ্লাইওভার, নাটোর-নলডাঙ্গা আঞ্চলিক মহসড়ককে চার লেন, সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, বার্ণ ইউনিট স্থাপনের পাশাপাশি নিয়মিত চাকরি মেলা আয়োজন, কনটেন্ট ক্রিয়েটরদের বিনামূল্যে প্রশিক্ষণ, ইউনিয়ন তথ্যকেন্দ্রে ফ্রিলান্সিং, আউটসোর্সিং প্রশিক্ষণ এবং নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করাসহ নানা অঙ্গীকার করেছেন বিএনপির এই কেন্দ্রীয় হেভিওয়েট প্রার্থী।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
দুলু বলেন, ‘আমি এমপি হলে নাটোরে গ্যাস সংযোগ নিশ্চিত করে নতুন-নতুন শিল্প-কলকারখানা তৈরির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করব। শহরের নারদ নদ, লাল দিঘী ও জয়কালী দিঘী সংস্কার করে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কারিগরি ইন্সটিটিউট স্থাপন করা হবে। নার্সিং কলেজ চালু ও এর শিক্ষার্থীদের বিদেশি ভাষায় দক্ষ করে তোলা হবে। নাটোর সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, বার্ণ ইউনিট ও ট্রমা সেন্টার স্থাপন করা হবে। বৃদ্ধ ও দুঃস্থদের জন্য আধুনিক বৃদ্ধাশ্রম তৈরি করা হবে।
রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অনান্য প্রতিশ্রুতিগুলো হল কৃষকদের নায্যমূল্যের স্বার্থে হিমাগার স্থাপন, আধুনিক মৎস্য চাষ ও ফিস ফিড কারখানা স্থাপন, গুড় ও পান শিল্পের বাজারজাতকরণ, কৃষি পণ্যের রপ্তানির জন্য এইপিজেড স্থাপন, নাটোর বিসিক শিল্প নগরীকে ইপিজেডে রুপান্তর।
স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন কিছু অঙ্গিকার করেছেন দুলু। সেগুলো হল নাটোর-নলডাঙ্গা চার লেন সড়ক, নাটোর শহরে নতুন বাইপাস, ফ্লাইওভার, ওভারপাস। নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবন ও পাটুল মিনি কক্সবাজারকে সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন দুলু। ইকো রিসোর্ট, চিড়িয়াখানা ও নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার ঘোষণাও আসে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কন্ঠে।
ইশতেহার পাঠ শেষে ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুলু বলেন, ‘আমি এমপি হলে সংসদে গিয়ে সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য কথা বলবো।
দুলু বলেন, ‘আমার ইশতেহারে অগ্রাধিকার কর্মসংস্থান। ইশেতেহার বাস্তবায়ন হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে।’
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, নাটোর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিমসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য