ডিবিসি নিউজে প্রচারিত ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুরের শিক্ষক ও ক্লিনিক ব্যবসায়ী মো. জাহিদ হাসান।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর মোড়ে রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবিসি নিউজে তাকে চন্ডিপুরের কথিত শীর্ষ সন্ত্রাসী রুবেলের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগপন্থী কিছু চাঁদাবাজের স্বার্থে ওই সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ তার সঙ্গে রুবেলের কোনো সম্পর্ক নেই। বরং তিনি অতীতে জামায়াতের হয়ে রাজনীতি করায় একাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন এবং ছয়বার কারাভোগ করেছেন।
জাহিদ হাসান দাবি করেন, টিবি হাসপাতাল সংক্রান্ত একটি মামলার জেরে তিনি আদালতের নির্দেশে দখলমুক্ত করতে সহায়তা করেছিলেন। অথচ বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
তিনি বলেন, “এই অসত্য সংবাদে আমার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি হয়েছে। শিগগিরই আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেব।”
মন্তব্য