রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও রুস্তমপুর হাট-বাজারের ইজারা, ভ্যাট ও ট্যাক্স ফাঁকির অভিযোগে পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন—
আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী
সাবেক ভারপ্রাপ্ত মেয়র কার্ত্তিক চন্দ্র হালদার
রুস্তমপুর হাটের সাবেক ইজারাদার মামুন হোসেন, আবুল খায়ের সুমন ও একরামুল হক
আড়ানী হাটের সাবেক ইজারাদার ওবাইদুল ইসলাম
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আসাদুজ্জামান
পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলাম।
২০১৬-১৭ থেকে ২০২১-২২ অর্থবছরে আড়ানী ও রুস্তমপুর হাট-বাজার ইজারায় ভ্যাট ও আয়কর বাবদ কোনো অর্থ পৌর তহবিলে জমা হয়নি। নিয়ম অনুযায়ী ইজারাদারকে ইজারামূল্যের ওপর ১৫% ভ্যাট ও ৫% আয়কর জমা দেওয়ার কথা থাকলেও আসামিরা তা পরিশোধ করেননি।
এতে পৌরসভার মোট ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ১০৮ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দুদকের অভিযোগে বলা হয়। এর মধ্যে রয়েছে—
ইজারামূল্য : ১ কোটি ২২ লাখ ৮০ হাজার ৮৬৫ টাকা
ভ্যাট : ১৫ লাখ ৭ হাজার ২২৬ টাকা
আয়কর : ১ লাখ ৫০ হাজার ১৭ টাকা।
দুদকের অনুসন্ধানে উঠে আসে, আসামিরা যোগসাজশে ইজারার সম্পূর্ণ অর্থ আদায় না করে নিয়ম-বহির্ভূতভাবে বিবিধ রসিদের মাধ্যমে টাকা গ্রহণ করেন এবং তা পৌরসভার হিসাবে জমা দেননি।
এর আগে সাবেক মেয়র মুক্তার আলীর বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করেছে দুদক। অভিযোগে বলা হয়, মেয়রের দায়িত্বে থাকাকালে পৌরসভার কোনো গাড়ি না থাকলেও তিনি ব্যক্তিগত গাড়ির জন্য পৌর তহবিল থেকে ১৪ লাখ ৫২ হাজার টাকা জ্বালানি খরচ দেখান। এছাড়া ভুয়া নিয়োগ দেখিয়ে পাঁচজন কাল্পনিক কর্মচারীর নামে ৪ লাখ ৪৮ হাজার টাকা আত্মসাৎ করেন।
দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, মুক্তার আলীর এসব কর্মকাণ্ড দণ্ডবিধির ৪০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
সাবেক সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম দাবি করেন, তিনি দায়িত্বে ছিলেন শুধু ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে।
সাবেক ভারপ্রাপ্ত মেয়র কার্ত্তিক চন্দ্র হালদার বলেন, দায়িত্বে থাকাকালে তিনি হাট-বাজার ইজারা দিয়েছিলেন বটে, তবে পরবর্তী সময়ে মুক্তার আলী দায়িত্ব গ্রহণ করে সব পরিচালনা করেন।
মুক্তার আলী বর্তমানে কারাগারে রয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে আড়ানী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য