নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট, পতিসর বাংলাদেশের আয়োজনে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহাসিক গান্ধি আশ্রমে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে আনন্দ র্যালি, আলোচনা সভা, মোড়ক উন্মোচন, কবিতা পাঠ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এ উপলক্ষে ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. মতিউর রহমানের শতাধিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি প্রকাশ করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক ব্যাগ এবং বিভিন্ন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান শিক্ষাবিদ প্রফেসর ড. মো. হারুন অর রশীদ। তিনি বলেন,রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, চিন্তা ও দর্শন বাঙালি জাতির অমূল্য সম্পদ। নতুন প্রজন্মকে সত্য, সুন্দর ও মানবিকতার শিক্ষায় উজ্জীবিত করতে রবীন্দ্রচর্চার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজের মাঝে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় গবেষক হাসমত আলী, নাট্যশিল্পী শবনম মোস্তাক রাজু এবং শিক্ষাবিদ মনিরুজ্জামান মনির-সহ আরও অনেককে।
এছাড়া আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ এ আয়োজনে অংশ নেন।
রবীন্দ্রচর্চা ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি আত্রাই অঞ্চলের সাংস্কৃতিক ও শিক্ষাজনগণের মাঝে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
মন্তব্য