নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের বনরূপা আবাসিক এলাকায় এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা চাঁদাবাজির মামলায় ছাত্রদলের চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২৫) ছাত্রদলের নেতাকর্মী ইকবাল, বিধান, কামরুল ও রনি নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বনরূপা আবাসিক এলাকার প্রবাসীর স্ত্রী খাদিজা খাতুনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাপে পড়ে তিনি গহনা বিক্রি করে তাৎক্ষণিকভাবে তিন লাখ টাকা দিতে বাধ্য হন। পরে এ বিষয়ে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন ভুক্তভোগী।
মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত চারজন মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নাটোর কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য